প্রধানমন্ত্রীর ভারত সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২২ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত- এ নিয়ে আলোচনা আছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত ভারত সফরসহ কোনো সফরই চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
"যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে," বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর কবে হতে পারে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এটা দুই দেশেরই উপযুক্ত সময়ে নির্ধারিত হবে।
প্রধানমন্ত্রী ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন— এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো পর্যাপ্ত সময় আছে। ব্রিকস এখনো অনেক দূরে। এক মাসে অনেক কিছুই হতে পারে।
এছাড়া, বর্তমানে অনেক ধরনের রাজনৈতিক, সাংবিধানিক কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী কিছুটা ব্যস্ত সময় পার করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, "কোনো সফরই চূড়ান্ত হয়নি। সব কিছু মিললেই সফর হবে। এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের সময় ওপর এবং দুই দেশের আলোচনা কতটা আগাচ্ছে, তার ওপর।”
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, "যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছে, রয়ে গেছে।"
"ভারতের দিক থেকেও উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা," যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এএইচ
