গোপন তৎপরতায় লিপ্ত ঢাবি’র কতিপয় শিক্ষক, খতিয়ে দেখতে কমিটি গঠন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকগণের বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য ২ জন সদস্য হলেন- বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।
এই কমিটি সংশ্লিষ্ট শিক্ষকগণের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রদান করবে। কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উল্লেখ করা হয়েছিল। তাদের মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম সনাক্ত করা গেছে। আরও কারও নাম সনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে বলে জানানো হয়েছে।
এএইচ
