ঢাকা, শুক্রবার   ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় তিনি দলের মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব নেওয়ার আগে তাকে শপথ নিতে হবে।

ধারণা করা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলী পালন করেন ডেপুটি স্পিকার।

অন্যদিকে, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব গ্রহণের পূর্বে নির্ধারিত শপথ নিতে হয় এবং তাকে শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।

এই সাংবিধানিক কাঠামো অনুযায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাই সংসদের স্পিকারের কার্যাবলী পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামালের ওপর পড়বে বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগে বিএনপির আইন সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তবে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ও সাংবিধানিক প্রক্রিয়া চূড়ান্তভাবে কীভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।