সিরাজগঞ্জে ট্রাক-পিকআপে সংঘর্ষ, নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০১:০২ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ চালক রেজওয়ান হোসেন ও পিকআপে থাকা অন্য ব্যক্তি সাদ্দাম হোসেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সাদ্দাম হোসেন নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত পিকআপ চালক রেজওয়ান হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
এদিকে, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা।
