ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩

কুমিল্লায় বৈদ্যুতিক শক্ দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার দায়ে মো. আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে মোহাম্মদ আজাদ। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে তার স্ত্রী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।

 এ ঘটনায় নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে ওই দিনই তার জামাতা মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এরপর পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে। মামলার দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামি আজাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আসামি আজাদকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। 

এ রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এ রায়ের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

এএইচ