ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬,   কার্তিক ৯ ১৪৩৩

এক দিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ১২:৫৯ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

রাজধানীতে অভিযান চালিয়ে একদিনে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ের মধ্যে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভাগীয় সূত্রে জানা গেছে, মিরপুর বিভাগ ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারী বিভাগ ৮০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪০ জন, রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন এবং ৫ লিটার দেশি মদ। উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার এবং ১টি প্রাইভেটকারের রিমোট চাবি।

এসময় অভিযানে অপহৃত ২ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব আলামত উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

এমএইচ