মহাখালী টার্মিনাল থেকে বাস চুরি, মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০০ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার
ফাইল ছবি
রাজধানীর মহাখালী টার্মিনাল থেকে এনা পরিবহনের একটি বাস চুরির ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ নম্বরে ফোনকলে চুরি হওয়া একটি বাস মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে বাসটি চুরি হয়।
পরে মাহফুজ নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহনের একটি বাস চুরি হয়ে গেছে।
কলার জানান, বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে তারা দেখতে পাচ্ছিলেন বাসটি মিরপুর বেড়িবাঁধে চলমান অবস্থায় রয়েছে।
৯৯৯ তাৎক্ষনিকভাবে বাসটি উদ্ধারের জন্য ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা এবং রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।
৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় হতে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে এবং চুরির অভিযোগে বাস থেকে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাসেল (২১), পিতা মোঃ রবিউল্লাহ, মাতা- মৃত রাশিয়া ,সাং- হিঙ্গাতলী, থানা রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমান-মহাখালী বাস টার্মিনাল ঢাকা। অপরচন লালচান (৩০), মাতা-নাসিমা বেগম, সাং- পাইকড়া, থানা- ঝিনাইগাতী, জেলা শেরপুর, বর্তমান-আলকাতরা ফ্যাক্টরী, তিব্বত তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
