ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে দাদী-নাতনি নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোৎস্না বেগম (৬০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নামের এক দাদী ও নাতনি নিহত হয়েছেন। রেললাইনে দিয়ে হাঁটার সময় হঠাৎ ট্রেন আসতে দেখে  দিকভ্রান্ত হয়ে পড়েন এবং একে অপরের হাত ধরে টানাটানি শুরু করেন তারা। এ মুহূর্তে তাদের ওপর দিয়ে চলে গেল ট্রেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জোৎস্না বেগম মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী ও মরহুম মো. রুকু মিয়ার মেয়ে। অন্যদিকে চাঁদনী আক্তার তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তার দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে তারা রেলস্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন এবং লাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ও বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে তারা দিকভ্রান্ত হয়ে পড়েন। আকস্মিক পরিস্থিতি দেখে তারা একে অপরের হাত ধরে টানাটানি শুরু করেন। 

ঠিক সেই মুহূর্তে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনেই প্রাণ হারান।

নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, নাতনি চাঁদনীকে চিকিৎসার জন্য সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তাঁর ফুফু। চিকিৎসকের কাছে কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই এই অপমৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এএইচ