ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

ভোটের দিন পার্লামেন্টে প্রচারণা চালানো যাবে না: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বুধবার দুপুরে নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যতরকম প্রস্তুতি প্রয়োজন তা আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পাচ্ছি। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার।

সিইসি বলেন দেশবাসী, পুরা জাতি এবং বিশ্ববাসী জানে আমাদের একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আপনারা সবাই জানেন, ১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপরে কিন্তু আর হয়নি। একারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে গভীরভাবে ইনভলভ থাকেন উনারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। তারপরও আমরা যত রকমের এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা করেছি। যাতে করে আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ না হয়।

তিনি জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন এবং বিধিমালা অনুযায়ীই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি।

সিইসি বলেন, “আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে জন্য সংসদ অধিবেশন থাকলে এক ব্যবস্থা, আর অধিবেশন না থাকলে ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এখন আমাদের পার্লামেন্ট সেশনে নাই, সেশন যে ডাকতেই হবে এমন নয়। শুধু নির্বাচনের জন্য একটা বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেওয়া আছে।

রাষ্ট্রপতি নির্বাচনের দিন প্রচারণা চালানো যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলন, “বিধিমালা অনুযায়ী ভোটের দিন পার্লামেন্টের ভেতরে কোন প্রার্থী প্রচার প্রচারণা চালাতে পারবেননা। বাইরে যদি ওনারা প্রচারণা চালান, আইনে তো কোনো নিষেধ নাই।

সিইসি বলেন, দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোট দিয়েই চলে যাবেন এমন না, তারা উপস্থিত থাকতে পারবেন। এমনকি উনারা ভোট গণনার সময়ও থাকতে পারবেন। এটা খুব স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। সুতরাং এখানে কারোও কোনো আপত্তি থাকার কথা নয়।

তিনি বলেন, “ভোটের পরপরই কাউন্টিং করে ওখানেই আমরা ফলাফল ঘোষণা করে দেব, পরে আমরা এখানে আইসা হয়তো ওই দিনই গেজেট করে দেব, আমাদের প্ল্যান ওইটাই।” 

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটের মাধ্যমে বেছে নিবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। 

এএইচ