ডা. আসাদুর রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ০৭:২৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার
সন্ত্রাসী হামলার শিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বুধবার ডা. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডা. বিটু।
এ সময় তিনি হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দায়িত্বরত ডাক্তারদের সাথে ডা. আসাদুর রহমানের চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
হাসপাতালে ডা. আসাদুর রহমানকে দেখার পর তিনি বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।
হাসপাতাল পরিদর্শনকালে অধ্যাপক মো. আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ডা. বিটু। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।
এএইচ
