৩জেলায় নতুন ডিসি নিয়োগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ এএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
রাজশাহীতে বিভাগীয় কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) রাতে তিন জেলায় নতুন ডিসি এবং রাজশাহীতে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামান গাইবান্ধার জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
এছাড়া নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এমএইচ
