ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

বঙ্গভবনে থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন।

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকলের সাথে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 

বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। 

গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। 

গত প্রায় এক মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। 

এদিকে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

এএইচ