ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে প্রস্তুত ইরান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় এ কথা বলেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির উদ্দেশে পেজেশকিয়ান বলেন, ‘গণতন্ত্র শক্তিশালীকরণে আপনার অঙ্গীকার, দূরদর্শিতা এবং প্রশংসনীয় অর্জনের প্রতি আইনপ্রণেতাদের এই আস্থাভোট বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’

তিনি বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে এবং ব্যাপক দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকার ও ইরানি জাতির সংকল্প পুনর্ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি।