ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি পরিকল্পনা, তীব্র নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার | আপডেট: ০২:২৪ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ ‘ই১’ (E1) বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংস্থাটি সতর্ক করেছে যে, এই পরিকল্পনা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে হুমকি সৃষ্টি করছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অবৈধ ‘মা’আলে আদুমিম’ বসতির মধ্যে ইসরায়েলি বসতিগুলোর একটি নিরবচ্ছিন্ন করিডোর তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ‘ই১’ এলাকায় ১,২৩৪টি বসতি-বাড়ি নির্মাণের জন্য ইসরায়েল দরপত্র আহ্বান করার পর এই নিন্দা জানানো হলো।

সংস্থাটি ‘ই১’ পরিকল্পনাকে একটি “বিপজ্জনক পরিকল্পনা” হিসেবে অভিহিত করেছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের “সকল অবৈধ বসতি স্থাপন নীতির” নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করে এবং “শান্তি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকে ব্যাহত করে”।

সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা বসতি স্থাপন নীতি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের “ভৌগোলিক ও জনমিতিক চরিত্র পরিবর্তনের” লক্ষ্যে নেওয়া অন্যান্য পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে।

এছাড়া, ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর আওতায় “স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র” প্রতিষ্ঠার ক্ষেত্রে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সংস্থাটি পুনরায় তাদের সমর্থন ব্যক্ত করেছে। তারা এই সমাধানকেই আঞ্চলিক পর্যায়ে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার “একমাত্র পথ” হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আল জাজিরা/এমএইচ