ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

কলকাতায় আগুনে নিহত ৫ জনের মরদেহ নিতে বেনাপোলে অপেক্ষা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

কলকাতার নিউমার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার চারজন ও সাভারের একজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

শনিবার (২৩ আগস্ট) বিকালের দিকে তাদের মরদেহ দেশে ফেরার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান।

এ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪) এবং সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহম্মেদ বাবুর মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হবে। 

এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জ থানার আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা চেকপোস্ট দিয়ে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। একই এলাকার আরও একজন নিহত নারী রেবতী সরকারের মরদেহ তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতে দাহ করা হয়েছে।

মরদেহ সংগ্রহের জন্য শুক্রবার বিকাল থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন আহম্মেদ বাবুর স্বজনরা। 

মরদেহ নিতে আসা আহম্মেদ বাবুর মেজো ভাই মনির হোসেন বলেন, সোমবার রাতে ব্যবসায়িক কাজে কলকাতা যান আহম্মেদ বাবু। সেখান থেকে পরিবারের সাথেও কথা হয় কিন্তু কলকাতার হোটেলে ভয়াবহ আগুন লাগার পর আর বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে নিহতের খবর জানানো হয়। পরবর্তীতে ভারতীয় হাইকমিশন থেকে নিহতের ছবি পাঠালে পরিবারের পক্ষ থেকে বাবুকে শনাক্ত করা হয়।

দেবাশীষ দত্ত ও তার স্বজনদের মরদেহ গ্রহণ করতে কুষ্টিয়া থেকে রওয়ানা দিয়েছেন স্বজন ও সাংবাদিকরা।

এএইচ