জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০০ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার
রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।
শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর পাশাপাশি নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সেখানে সুরা ফাতিহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে দুপুর দেড়টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন তারা।
রাতে তাদের মধ্যে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।’ সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও আন্দালিব রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামীম কায়সার।
এএইচ
