ছোট-বড় নয়, বাংলাদেশ-ভারত দুটিই স্বাধীন দেশ: দিনেশ ত্রিবেদী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তি করেই সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে এক ব্রিফিং এ কথা বলেন।
দিনেশ ত্রিবেদী বলেন, দু’দেশের তরুণ প্রজন্মকে শান্তি ও সম্মৃদ্ধির পরিবেশ করে দেওয়ার দায়িত্ব দু’দেশের সরকারের দায়িত্ব। উন্নয়নের জন্য দুই দেশ দুই দেশের ওপর নির্ভরশীল। এজন্য ইন্টার ডিপেন্ডেন্সিই স্থায়ী সমাধান বলেও জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, পোশাক খাতে দু’দেশের জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার।
দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা ও বিদ্যুৎ চায়। এসব নিশ্চিত করা যেতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক—দুটি দিক রয়েছে। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই হতে পারে না।
তিনি বলেন, ‘আসুন আমরা ব্যাবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।’ সাধারণ মানুষের যা পাওনা, তা দেওয়া দুই দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করাসহ দুদেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে।
এএইচ
