ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের?

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

সহপাঠি বন্ধু সবারই বাইসাইকেল রয়েছে। বাড়ি থেকে স্কুলে আসতেও তারা নিজেদের সাইকেলে চড়ে আসে-যায়। আবার  সবাই মিলে বিকালে গায়ের কাঁচা-পাকা রাস্তায় আনন্দে সাইকেলে ঘুরে বেড়ান। সবার এ ব্যবস্থা থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় মেধাবী শিশু শিক্ষার্থী তামিমের একটি বাইসাইকেলের জন্য আক্ষেপ।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের ঢাকায় কর্মরত দরিদ্র গার্মেন্ট শ্রমিক শামসুল আলমের ছেলে তামিম হোসেন (১১)। 

তামিম জানান, একটি বাইসাইকেলের আশা তার দীর্ঘদিনের। কিন্তু দরিদ্র কর্মজীবী পিতার আর্থিক সংকটের কারণে বারবার দাবি করা সত্ত্বেও তিনি অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় উপায় খুঁজতে তামিম কয়েক মাস আগে নিজের জমানো টাকায় মুরগির দুটি বাচ্চা কিনে বাড়িতে পরম যত্নে পেলে বড় করেন। 

সেই দুটি মুরগি মঙ্গলবার বিকালে কামারখন্দ হাটে তুলেছেন বিক্রি করার জন্য। যা হাজার টাকায় বিক্রিকালে ক্রেতার প্রশ্নের জবাবে তামিম বলেন, মুরগি দুটি বিক্রির টাকা দিয়ে সাইকেল কিনবে। 

তামিম আরও জানান, তার বাবা শামচুল আলম ঢাকায় গার্মেন্টে ১৬ হাজার টাকা মাসিক বেতনে শ্রমিকের কাজ করেন। সেই টাকা দিয়ে কোন রকমের সংসার চলে। একটি সাইকেলটি কিনে দেবার কথা বাবার। কিন্তু পারবে কিনা সেটা বলতে পারছিনা। আমি মুরগী বিক্রির ১ হাজার টাকা মায়ের কাছে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। 

পাশের আরেক মুরগি বিক্রেতা আব্দুল আউয়াল জানান, মেধাবী এই শিশু শিক্ষার্থী নম্র ভদ্র বিনয়ী। সততা ও ন্যায়নিষ্ঠতা রয়েছে তার মধ্যে। কোন হৃদয়বান ব্যক্তির মাধ্যমে শিশুটির আশা পূরণ হলে আমাদেরও সন্তুষ্টি মিলবে।

এএইচ