সৈয়দপুরে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে ২ এমপির মধ্যে বাকবিতণ্ডা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে দুই এমপির মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে নামফলকে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম থাকাকে কেন্দ্র করে আপত্তি জানান সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলাম।
এ নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে পরিদর্শন কক্ষে দীর্ঘ সময় ধরে চলে বাকযুদ্ধ।
আব্দুল মুনতাকিমের দাবি, এলাকাটি তার নির্বাচনী এলাকা হওয়ায় নামফলকে তার নাম রাখা হয়েছে। অন্যদিকে বিলকিস ইসলাম দাবি করেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে তারও স্থান দিতে হবে এবং বিষয়টি সংসদে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
ঘটনার সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ বাকবিতণ্ডায় উদ্বোধনী আয়োজনের পরিবেশও কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হলেও দুই এমপির এমন আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এএইচ
