ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

বাস চাপায় সেনাসদস্য আহত, নিহত তার স্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী সোহেল কাজী। তিনি সেনাবাহিনীতে কর্মরত আছেন। 

আজ বুধবার সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া থানার সেনা সদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বি এম এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তুলি নিহত হন। 

এ সময় আহত সোহেল কাজী কে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বাসস’কে বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ