ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

ইটিভির সংবাদে আলোড়ন, সাইকেলের আশা পূরণ শিক্ষার্থী তামিমের

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৪৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

সহপাঠি বন্ধুদের মত একটি বাইসাইকেলের দীর্ঘদিনের আশা দরিদ্র বাবার সন্তান তামিম হোসেনের। নিজের পালা দুটি মুরগি হাজার টাকায় বিক্রি করে কিনতে চেয়েছিলেন প্রত্যাশার সাইকেলটি। কিন্তু বাকি ৯ হাজার টাকা পাবে কোথায়? তার এই অসহায়ত্ব নিয়ে একুশে টেলিভিশনের অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হয়। আর তাতেই আশা পূরণ হলো মেধাবী ক্ষুদে শিক্ষার্থী তামিমের।

মঙ্গলবার (২৫ আগস্ট) 'সাইকেলের আশায় মুরগি বিক্রি, স্বপ্ন পূরণ হবে কি ক্ষুদে শিক্ষার্থী তামিমের?' এই শিরোনাম সংবাদ প্রকাশ হলে তা আলোড়িত হয়। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ইটিভির প্রতিনিধির সাথে যোগাযোগ করেন ওই শিক্ষার্থীর প্রত্যাশা পূরণের জন্য। 

এরই অংশ হিসেবে বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস একটি নতুন বাইসাইকেল কিনে নিয়ে পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী শিশু তামিমের বাড়িতে হাজির হন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাইসাইকেলটি তামিমের কাছে হস্তান্তর করেন তিনি। 

এ সময় একুশে টেলিভিশনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল্লাহ আল কায়েস সামাজিক মানবিক দেশাত্মবোধে সাংবাদিকদের ভূমিকার গুরুত্বারোপ করেন এবং শিশু তামিমের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। 

একই সময়ে একুশে টেলিভিশনের পক্ষ থেকেও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় তামিমের হাতে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতাকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএইচ