বাগেরহাটে ডিবির পৃথক অভিযানে ছুরি ও জাল নোটসহ আটক ১১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪০ এএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
বাগেরহাটে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও জাল টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩১৫টি ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, ৫৫টি দেশীয় ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এসব ঘটনায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী বাগেরহাট সদর পৌরসভার নাগেরবাজার ও রণ বিজয়পুর এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগেরবাজার এলাকায় অভিযানের আগে বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর সন্দেহভাজন কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সাতজন পুরুষ ও এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩১৫টি ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ২০০ গ্রাম, চার লিটার চোলাই মদ এবং ৫৫টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আটজন হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজারের পলি (৪৫)।
এদিকে, একই দিনে বাগেরহাট সদর উপজেলার রণ বিজয়পুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুরোনো দরগার মোড় থেকে ১০ টাকার নোটের মোট ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভূঁইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং মো. শিবলু ফকির (২৪)।
পুলিশের দাবি, জাল টাকা তৈরির পাশাপাশি অনলাইন প্রতারণা ও মানি ফ্রডের সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। মোবাইল ফোনের অ্যাকাউন্ট হ্যাক করে এবং টেলিগ্রাম ও ইমোর মাধ্যমে প্রতারণার অভিযোগগুলোও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় ব্যবহৃত বিভিন্ন সিম ও অ্যাপের তথ্য সংগ্রহসহ চক্রটির সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, সকালে জেলা পুলিশের একাধিক দল নাগেরবাজার এলাকায় অভিযান শুরু করে। নিরাপত্তার স্বার্থে প্রথমে এলাকার প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা ও দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পৃথক অভিযানে জাল টাকা ও মানি ফ্রডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোটের পাশাপাশি বিভিন্ন সিম ও অ্যাপ-সংক্রান্ত তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, মাদক, জাল টাকা ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএইচ
