প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা সার ও বিদ্যুৎ–সংকট সম্পর্কে দলীয় সদস্যদের (এমপি) অবহিত করেছেন। এই সংকটকালে মানুষ যাতে সরকারকে ভুল না বোঝে, সে জন্য উদ্ভূত পরিস্থিতির বিষয়ে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে মন্ত্রীরা দলীয় সদস্যদের অনুরোধ জানিয়েছেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য দেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যেসব প্রচার, অপপ্রচার বা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এর জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা সভায় যে ব্রিফিং দিয়েছেন, তা যেন সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় মানুষের কাছে পৌঁছে দেন, যাতে সরকার সম্পর্কে মানুষ ভুল না বোঝে। স্থানীয় সরকারগুলোর সঙ্গে বিদ্যুৎ-জ্বালানি, সার ও গ্যাস–সংকটের বিষয়েও মানুষকে অবহিত করার জন্যও দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দেন তিনি।
দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা বিরোধ তৈরি করা যাবে না বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
এএইচ
