ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

দেশে এলো সৌদিতে আগুনে নিহত ৯ জনের মরদেহ, পরিবারের কাছে হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

নিহতদের দাফন-কাফনসহ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাকি সাতজনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার বিকাল ৪টা ০৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইট।

এই ফ্লাইটে দেশে ফেরে সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মরদেহ।

স্বজন হারানোর বেদনায় বিমানবন্দরে তখন শোকের মাতম। কারও সন্তান, কারও ভাই, আবার কারও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ফিরলেন কফিনবন্দি হয়ে।

বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনের মরদেহ বুঝে নেন পরিবারের সদস্যরা। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়ায় সৌদি কর্তৃপক্ষ, দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করেছেন। নিহতদের দাফন-কাফনসহ পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে যাওয়া রেমিট্যান্স যোদ্ধাদের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তিনি জানান, বাকি সাতজনের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্রুততম সময়ে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মরদেহগুলো নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে নয়জনের মরদেহ দেশে ফিরলেও, আরও সাতজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় স্বজনরা।

এএইচ