ঢাকা, রবিবার   ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮ এএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনার পর মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন তারা। পরে সেটিকে আটক করা সম্ভব হয় বলে জানান তিশা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়। ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

তবে দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে দুর্ঘটনায় তাসনুভা তিশা কিংবা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। শুটিং শেষে ঢাকায় ফেরার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তিশার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এমএইচ