ঢাকা, রবিবার   ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

প্রকৃত শত্রু’র মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার | আপডেট: ০১:২৫ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চক্রান্তের বিষয়ে সতর্ক করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক লিখিত বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, তারা মুসলিম উম্মাহকে বিভক্ত ও দুর্বল করে নিজেদের আধিপত্য কায়েম করার জন্য নানামুখী কৌশল প্রয়োগ করছে।

বিবৃতিতে তিনি বলেন,  বিশ্বজুড়ে ইসলামি দেশগুলোর মধ্যে দূরত্ব তৈরি করতে বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে অজুহাত হিসেবে ব্যবহার করছে পশ্চিমা ও জায়নবাদী চক্র।

বিবৃতিতে খামেনি প্রশ্ন তোলে বলেন, মুসলিম বিশ্ব যদি শুরু থেকেই একতাবদ্ধ থাকত, তবে ফিলিস্তিনি জনগণকে আজ দখলদারদের এমন নির্মম নিপীড়নের মুখোমুখি হতে হতো না। ইসলামের পতাকাতলে ঐক্য প্রতিষ্ঠিত থাকলে হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিপরায়ণ শক্তিগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদ ও ভূখণ্ডের ওপর লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস পেত না।

আমেরিকা ও ইসরায়েলকে সমগ্র মুসলিম উম্মাহর ঘোর শত্রু হিসেবে উল্লেখ করে তিনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে বলেন—প্রকৃত শত্রুকে চিনতে হবে, তাদের পরিকল্পনা বুঝতে হবে এবং সম্মিলিতভাবে তার মোকাবিলা করতে হবে। খামেনির মতে, এই আগ্রাসী শক্তিগুলো কেবল ইরান বা প্রতিরোধ ফ্রন্টেরই শত্রু নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ গোটা মুসলিম বিশ্বের প্রতি বিদ্বেষ পোষণ করে।

সূত্র: আল জাজিরা