বিধবা চা দোকানিকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চাঁদা দাবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রবিবার
যশোরের শার্শা উপজেলার পাঁচকায়রা বাজারে এক বিধবা চা দোকানি নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়াসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চারজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী (৪৫) শার্শা থানায় চার জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে মাসুদ রানা (৩০), আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩৫), কায়বা গ্রামের নূর আলীর ছেলে কামরুল (৪০) ও মিজানুর রহমানের মিলন হোসেন (৩৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বিধবা নারী। পাঁচকায়রা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। ওই দোকানের ব্যবসা করেই তিনি জীবিকা নির্বাহ করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় পরবর্তীতে তার কাছে চাঁদা দাবি শুরু করেন তারা।
এরই প্রেক্ষিতে, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেন। তিনি দরজা খুললে অভিযুক্তরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা কেন দিতে হবে জানতে চাইলে তার নামে বিভিন্ন ধরনের খারাপ কথা বলা হয়।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকলে গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা হুমকি দেন টাকা না দিলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
ভুক্তভোগী নারী অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় যেকোনো সময় তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা ক্ষয়ক্ষতি করতে পারেন।
শাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
