তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে থাকা কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
নিয়োগ বাতিল হওয়া তিন কর্মকর্তা হলেন— অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্টদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় বিধিগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এএইচ
