ঢাকা, শুক্রবার   ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

চাঁদা না দেয়ায় অফিস কক্ষে প্রকৌশলীকে মারধর, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে উপসহকারী প্রকৌশলীকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সিবিএ'র চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। 

তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে নিজ অফিস কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। এ সময় ওই অফিসে কর্মরত শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন এবং ইসতিয়াক আহমেদ তার কক্ষে প্রবেশ করেন। 

দুই মাস আগে কেন্দ্রীয় এক নেতার সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তিনি কেন চাঁদা দেননি তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহমুদুল ইসলামকে চেয়ার দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। 

পরে সহকর্মীরা আহত মাহমুদুল ইসলামকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া।

এএইচ