ঢাকা, বৃহস্পতিবার   ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাটিকুমরুল থেকে চারজন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে অটোরিকশাটি ডান দিকে কাত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চার যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত নাদিয়া ইসলাম (১৯) হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে। আহত অপর তিনজন বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিএনজিচালক নজরুলকেও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, চণ্ডীদাসগাঁতী বাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে, আইনি প্রক্রিয়া শেষে নিহত নাদিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এএইচ