ভোলায় পিস্তল-ম্যাগাজিনসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
ভোলার দৌলতখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে লুট করা একটি পিস্তলসহ এক মো. নাহিদ হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত মো. নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে একটি পিস্তল আছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতঘর থেকে পিস্তলসহ তাকে আটক করা হয়।
এসআই রাকিব বলেন, জব্দ করা অস্ত্রটি চায়না টাইপ ৫৪ পিস্তল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে লুট হয়। এর নম্বর পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। যদি লুট হওয়া পিস্তল হয় তবে কোন টিম থেকে লুট হয়েছে তখন তাও নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এএইচ
