জাতিসংঘের এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৫ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধানমন্ত্রী প্রথম এই জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন। এই সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এবারের সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শান্তি রক্ষা মিশনে অবদানের কারণে বাংলাদেশকে সম্মান করে জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদে সভাপতিত্ব করছেন।
শামা ওবায়েদ বলেন, নতুন সরকার এসেছে ছয় মাস। সরকার ভালো কিছু করতে চায়।
তিনি বলেন, অর্থনৈতিক কুটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। ব্যাংক অর্থিক খাত ঢেলে সাজানো হচ্ছে। দেশে পরিবেশ তৈরি করতে হবে যাতে সবাই বিনিয়োগ করতে আসে। বিনিয়োগকারীদের ওয়ান-স্টপ সেবা দিতে সরকার ‘বাংলাদেশ ইনভেস্ট’ ফ্রেমওয়ার্ক চালু করেছে এবং কোম্পানি নিবন্ধনসহ বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা সম্প্রসারণ করছে।এছাড়া নাগরিকদের সব তথ্য একটি একক ডেটাবেজে নিয়ে আসতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের কাজ চলছে।
তিনি জানান, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধানমন্ত্রী প্রথম এই জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন। যেখানে এই বিএনপির যে ফরেন পলিসি, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরার একটি বিশাল সুযোগ, যেখানে আমাদের জাতীয় স্বার্থ গুরুত্ব পাবে।
তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজতর করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭ সালের মধ্যে ২ লাখ ‘প্রবাসী কার্ড’ ইস্যু করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্বজুড়ে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ, ঐতিহ্য, পর্যটন, সৃজনশীল শিল্প এবং রপ্তানিযোগ্য পণ্যগুলোর প্রচারণায় প্রবাসীদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহারের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এএইচ
