ঢাকা, শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬,   কার্তিক ৮ ১৪৩৩

মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে গুলিতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

নারায়ণগঞ্জে মাদক কারবারি নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সোয়া একটার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। 

পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

নিহত শুভ দাসের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত ৪-৫টি মামলা রয়েছে এবং মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবাও পাওয়া গেছে। 

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে।

এএইচ