রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
তিনি জানান, জেলায় কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে যাওয়ায় শুক্রবার থেকে সেতু ঘষামাজা করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. ফখরুল ইসলাম জানান, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পর্যটকদের অন্যতম আকর্ষণ। ঝুলন্ত সেতুটি খুলে দেওয়ায় পর্যটক সমাগম আরও বাড়বে বলে তিনি আশা করেন।
এর আগে, গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন একফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার পর ধীরে ধীরে হ্রদের পানি কমতে থাকে। ছয়দিন পর গতকাল শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে সেতুটি দৃশ্যমান হয়।
এএইচ
