ফুটবল খেলা নিয়ে মারামারি, লাঠির আঘাতে নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির জেরে ভাগ্নিজামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিউলের ছেলে এবং তার আত্মীয় লুৎফরের ছেলের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে লুৎফর ক্ষিপ্ত হয়ে রবিউলের ছেলেকে মারধর করার জন্য হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হন।
একপর্যায়ে রবিউল ইসলাম সামনে এসে বাধা দিলে লুৎফর তাকে লক্ষ্য করে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আঘাত করার পরপরই অভিযুক্ত লুৎফর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
এএইচ
