ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২২ ১৪৩৩

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে শিক্ষার্থী ও শিশুদের পেইং গেস্ট (পিজি) হিসেবে থাকার ব্যবস্থা ছিল।

রোববার (৬ সেপ্টেম্বর)৯ দুপুরে মতিবাগ-২ এলাকার একটি শিবমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভবন ধসের খবর পেয়ে দিল্লি দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজেপির বিধায়ক অনিল শর্মা। তিনি সাংবাদিকদের বলেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী এখনো ফোন করছেন। এতে ধারণা করা হচ্ছে, আরও কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়ে আছেন।

অনিল শর্মা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে পেইং গেস্ট হিসেবে থাকতেন। ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছেন—এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে।

বিধায়ক অনিল শর্মা জানান, এখন পর্যন্ত দুজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে দিল্লি দমকল বিভাগ ভবন ধসের খবর পায়। খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেন।

বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে দমকল বাহিনীর পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কতজন মানুষ হতাহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে সরকারি কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

সূত্র: বিবিসি বাংলা