ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৪ ১৪৩৩

সাভারে পুলিশ সদস‍্য হত‍্যায় আরও দুইজন গ্রেপ্তার

​সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সাভারের আমিনবাজারে পুলিশ সদস্য হত‍্যার ঘটনায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ তথ‍্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম। 

তারা হলেন মোঃ দেলোয়ার ও শুক্কুর আলী। পরে তাদের সাভার থানায় হস্তান্তর করা হয়।

ডিবি জানায়, তদন্তে ওই দুজনের সম্পৃক্ততা জানতে পেরে অভিযান চালানো হয়। পরে গোপন সূত্রে আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর সাথে জড়িত অন‍্যদের গ্রেফতারে অভিযান অব‍্যাহত আছে বলে জানায় ডিবি।

এর আগে সকালে এ হত‍্যাকাণ্ডের মূল হোতা জহিরুলকে গ্রেফতার করে পুলিশ। জহিরুল হত‍্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। 

উল্লেখ্য, শনিবার রাতে আমিনবাজারের বড়দেশীর মদিনা সিটি এলাকায় এক রিকশাচালককে অন‍্যায়ভাবে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক  মো. আলতাফ হোসেনকে  পিটিয়ে হত্যা করে কতিপয় দুর্বৃত্ত। 

পরে এই ঘটনা পুলিশ ও সারাদেশে আলোড়ন সৃষ্টি হলে অভিযানে নামে পুলিশ। এ নিয়ে ওই পুলিশ কর্মকর্তা হত‍্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।

এএইচ