ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৪ ১৪৩৩

আ.লীগ নেত্রী শেখ হাসিনার মৃত্যু এ দেশে হবে না: সারজিস

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০২:০০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এ দেশ থেকে পালিয়ে গেছেন। আর কখনোই তিনি দেশে ফিরতে পারবেন না। তার মৃত্যু এ দেশে হবে না। 

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বরগুনা জেলা শাখা আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি একথা বলেন। 

দিনভর এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ স্থানীয় নেতা-কর্মীরা। বেলা ১টার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন কেন্দ্রীয় নেতারা।

এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান এনসিপি নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সরজিস আলম বলেন, অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। 

একই সাথে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ চান তিনি।

তিনি আরো বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট শুধুমাত্র সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার মেয়াদ শেষ করতে পারবে না। 

এএইচ