ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৪ ১৪৩৩

প্রথমবারের মতো দেশের ৮ বিভাগে হবে রাবির ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। 

মঙ্গলবার সকালে রাবি’র উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে। রাবি’র জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এ সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ।

১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

এএইচ