ঢাকা, বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৪ ১৪৩৩

এক দিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৪৫ হাজার ৩৯৪ জন।

 স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৩৯ জন, দক্ষিণ সিটির ১৪৩ জন এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগের ২২৫ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। 

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এমএইচ