ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিল স্থানীয়রা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত : ১১:৫৩ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ১১:৫৪ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার বিকালে পৌর শহরের কুড়পাড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ইসলামসহ একটি চক্র ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার বিকালে কুড়পাড় এলাকায় টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
সাদিয়া ইসলাম নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি কুড়পাড় এলাকায় রোকন উদ্দিনের বাসায় ভাড়া বাসায় থাকতেন।
পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা এক মহিলার কাছ থেকে দেড় হাজার টাকা নিতে আসলে স্থানীয় লোকজন তাকে আটক করে।
সাদিয়া ইসলাম এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকার এনসিপির নেত্রী সৈয়দ সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
