ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৬ ১৪৩৩

ফের কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই নতুন দর নির্ধারণ করেছে বাজুস।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭শ’ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৬ হাজার ৮২২ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যের দাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৭ টাকা কমিয়েছিল বাজুস। ওই দফায় নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা। 

এর আগে ৩ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৩৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। 

এএইচ