ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৬ ১৪৩৩

নারীর দুই কান কেটে দুল ছিনতাই, হাতেনাতে আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ফজরের নামাজ পড়তে বের হওয়া এক নারীর দুই কান চাকু দিয়ে কেটে দুল ছিনিয়ে নেওয়ার সময় আব্দুল গনি নামের এক চিহ্নিত চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে নিজ ঘর থেকে বাইরে বের হন ওই নারী। আগে থেকেই ওত পেতে থাকা চিহ্নিত চোর আব্দুল গনি পেছন থেকে এসে ধারালো চাকু দিয়ে তার কানের দুটি দুল কেটে নিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চারদিক থেকে ঘিরে ফেলে চোর আব্দুল গনিকে হাতেনাতে আটক করেন।

এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আটক আব্দুল গনি এলাকার একজন কুখ্যাত ও চিহ্নিত অপকর্মকারী। দীর্ঘদিন ধরে সে এলাকায় চুরি, ডাকাতি, মাদক কেনাবেচা এবং বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। 

এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। এমনকি তার বিরুদ্ধে থানায় পূর্বের অপরাধের একাধিক মামলাও রয়েছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত গনিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

​এ ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এএইচ