ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৬ ১৪৩৩

চীনে কার্গো জাহাজে আগুন, নিহত অন্তত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

চীনের একটি বন্দরে সংস্কারকাজের জন্য নোঙর করে রাখা বিদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় জাহাজটিতে ৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আগুনে আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানির এলাকায় জাহাজটি মেরামতের জন্য নোঙর করা ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।

জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। ভেসেলফাইন্ডারের তথ্য এবং সিনহুয়ার প্রকাশিত ছবির ভিত্তিতে জানা গেছে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী।

তবে আগুন লাগার সঠিক কারণ এবং পরে সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

শি জিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নিকাণ্ডের ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে জাহাজে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। উদ্ধার অভিযানের সময় নতুন কোনো দুর্ঘটনা বা দ্বিতীয় দফার বিপর্যয় যাতে না ঘটে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এমএইচ