পাবনায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ইউনিয়নের নবীন বাজার সংলগ্ন দাশপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
প্রাণ হারানো শিশুরা হলেন, দাশপাড়া গ্রামের বাসিন্দা শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের দুই সন্তান খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের ফসলি জমিতে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে ওই তিন শিশু। গোসলের একপর্যায়ে আচমকা একজন পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বাকি দুজনেও এগিয়ে যায়। এতে পর্যায়ক্রমে তিনজনই গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরবর্তী সময়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
একসঙ্গে একই গ্রামের তিন শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের হারিয়ে পরিবারগুলোর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএইচ
