ঢাকা, সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৯ ১৪৩৩

গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার ২৫ জনের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার গ্রেফতারকৃতদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃতরা হলেন- আব্দুর রহিম, আরাফাত, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান, মুন্না মিয়া, সামিল ইয়াসির, রাতুল, এইচ এম জাকারিয়া রহমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোবহান, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারি, বাবুল, ফরিদ আহম্মেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী পাকা রাস্তার ওপর জড়ো হয়ে বিস্ফোরক দ্রব্য বহন করে পুলিশ প্লাজার দিকে মিছিল নিয়ে যাচ্ছিল। 

এ সময় তারা নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ ও এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

এএইচ