ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৮ ১৪৩৩

বিয়ের মাইক্রোবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ১০:০৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসের চালক মুন্না (৪০) এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিপতা মারা যান। আহত হন অন্তত ১১ জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। 

ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এএইচ