ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৮ ১৪৩৩

বাঞ্ছারামপুরে প্রতিমন্ত্রীর পাশে আ.লীগ নেতাদের উপস্থিতি, সমালোচনার ঝড়

​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৯:৫৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের চিহ্নিত নেতাকর্মী এবং হত্যা মামলার আসামিদের সরাসরি উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

​শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাঞ্ছারামপুর-৫ আসনের সংসদ সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকী এবং উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতেই আওয়ামী লীগের একাধিক বিতর্কিত নেতা স্থান করে নেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুজ্জামান হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ তিতাস, পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আশিকুর রহমান বাবু, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রুমন হায়দার, সেলিম রেজা এবং পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মেহের।

​সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে জুলাই-আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি নাসির উদ্দীন দুলাল ও ফয়সাল আহমেদ খান উপস্থিত থাকায়।

এমন অনুষ্ঠানে এসব বিতর্কিত ব্যক্তিদের প্রবেশাধিকার পাওয়ায় স্থানীয় সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ পোস্ট করছে- এটাকি প্রেসক্লাবের ভবন উদ্বোধন না আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলন মেলা। 

এই অনুষ্ঠারের পরপরই ফেসবুক লাইভে এসে তীব্র প্রতিবাদ জানান বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী। তিনি সরাসরি প্রশ্ন তুলে বলেন, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা হয়েও প্রতিমন্ত্রী সাকী কীভাবে হত্যা মামলার আসামি ও স্বৈরাচারদের দোসরদের পাশে নিয়ে প্রেস ক্লাব উদ্বোধন করলেন? তিনি কি অতীতের নির্যাতনের কথা ভুলে গেছেন?

​ইমান আলী অভিযোগ করে আরও বলেন, প্রতিমন্ত্রীর অনুসারী শামীম শিবলী নেপথ্যে থেকে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের কাজ করছেন এবং এই প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন সদস্য আওয়ামী লীগের পদধারি নেতা। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি লাইভে বলেন।

এএইচ