ঢাকা, রবিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৯ ১৪৩৩

মরুর বুকে তারকাদের মিলনমেলায় হাজারো প্রবাসী

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সৌদি আরবের পাহাড়ি শহর তায়েফে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি সংস্কৃতির বড় আয়োজন ‘তায়েফ সিজন ২০২৬’। গান, নাচ আর উচ্ছ্বাসে তায়েফের হর্স পার্ক স্টেডিয়াম হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ।

আল আয়াত গ্রুপ অব কোম্পানির আল আয়াত রয়েল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে দেশীয় শিল্পীদের পরিবেশনায় এই আয়োজন ঘিরে জড়ো হন হাজারো প্রবাসী বাংলাদেশি। 

তায়েফের হর্স পার্ক স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে শুরু হয় জমজমাট এই সাংস্কৃতিক আয়োজন। তায়েফসহ আশপাশের বিভিন্ন শহর থেকে আসেন তিন হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি।

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও বিউটি খানের প্রাণবন্ত পরিবেশনায় মাতেন দর্শকরা। নৃত্য পরিবেশনা ও আকর্ষণীয় ডিজে শোর পর নাজমা সুইটি ও গামছা পলাশের পরিবেশনায় বাড়ে উৎসবের আমেজ। প্রিয় শিল্পীদের সরাসরি দেখতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসীরা।

ইভেন্ট ম্যানেজার ফাহিম বলেন, “প্রবাসীদের ব্যস্ত জীবনে একটু বিনোদন দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

আয়োজকদের দাবি, সৌদি আরবে বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের উদ্যোগে তায়েফে এটি ছিল অন্যতম বড় বাংলাদেশি আয়োজন। অনুষ্ঠানজুড়ে নিরাপত্তায় ছিল দুই শতাধিক নিরাপত্তাকর্মী। পাশাপাশি ছিল মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের ব্যবস্থা।

বিদেশের মাটিতে এমন আয়োজন প্রবাসীদের ফিরিয়ে নেয় দেশের শেকড়ের কাছে। গান, করতালি আর উল্লাসে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

ভৌগোলিক দূরত্ব যতই হোক, বাংলা গান, সংস্কৃতি আর দেশের প্রতি ভালোবাসাই প্রবাসীদের এক অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে। আল আয়াত রয়েল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ‘তায়েফ সিজন ২০২৬’ হয়ে উঠেছে মরুর বুকে বাংলার সংস্কৃতি ও প্রবাসীদের মিলনের এক উজ্জ্বল উদাহরণ।

এএইচ