বাল্কহেডের ধাক্কায় পদ্মায় পড়ে নিখোঁজ সেই ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৩:৩২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারের মাথে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩২) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ রোববার সকাল নয়টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার কুরলিয়া এলাকায় পদ্মা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার রাত নয়টার দিকে ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।
ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, আজ সকাল নয়টার দিকে ঈশ্বরদীর কুরলিয়া এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দেন।
পরে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়।
রাকিবুজ্জামানের পরিবারের সদস্যরা মরদেহটি তাঁর বলে শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়। ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছায় তাঁরা। একপর্যায়ে তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তিনজন নদীতে পড়ে যান।
তাৎক্ষনিক লিটন ও ওহাব নামের দুজনকে উদ্ধার করা হয়। ঘটনার পর ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্য ও নৌপুলিশ সদস্যরা রকিকে উদ্ধারে কাজ শুরু করেন।
এএইচ
